প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে আদালতের নির্দেশনা অমান্য করে কোনো গণমাধ্যম সংবাদ প্রকাশ বা প্রচার করলে সরকার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।
মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান জানান, শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে এর আগেও সরকার গণমাধ্যমকে সতর্ক করেছিল। তিনি বলেন, ভবিষ্যতেও যদি তাঁর সম্ভাব্য বক্তব্য নিয়ে আগাম সংবাদ প্রকাশ করা হয় এবং তা আদালতের নির্দেশনার পরিপন্থী হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, সরকারের দায়িত্ব আদালতের আদেশ বাস্তবায়ন নিশ্চিত করা। আদালতের নির্দেশনা লঙ্ঘিত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তথ্য উপদেষ্টা আরও বলেন, যেসব গণমাধ্যম অতীতে শেখ হাসিনার বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, তাদেরও সতর্ক করা হয়েছে। একই সঙ্গে আবারও সব গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হবে।
তিনি বলেন, যদি কেউ মনে করেন শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিধিনিষেধ আরোপ করা ঠিক হয়নি, তাহলে সে বিষয়ে আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে। তবে আদালতের নির্দেশ কার্যকর করা সরকারের সাংবিধানিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।