আগামী এক বছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী এক বছরের মধ্যে দেশের ৪১ লাখ নারীর হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ কর্মসূচির আওতায় প্রতিটি উপজেলায় গড়ে প্রায় ৭ হাজার নারী এই সুবিধা পাবেন। পাশাপাশি আগামী পাঁচ বছরে দেশের ৪ কোটি পরিবারের নারীদের কাছে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

সোমবার বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় আয়োজিত বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সকাল ১০টার কিছু আগে সড়কপথে গৌরনদীতে পৌঁছালে ঢাকা-বরিশাল মহাসড়ক এবং গৌরনদী-সরিকল সড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান।

২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে জানান, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে গৌরনদীতে আড়াই হাজার গাছের চারা রোপণ করা হবে।

তিনি উপস্থিত সবার প্রতি রোপণ করা গাছের যত্ন নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, গাছ বড় হলে স্থানীয় মানুষই এর সুফল ভোগ করবেন। পরিবেশ রক্ষায় যেখানে-সেখানে আবর্জনা না ফেলারও অনুরোধ জানান তিনি।

পরে প্রধানমন্ত্রী নারকেল, নিমসহ চারটি গাছের চারা রোপণ করেন।

৬০০ পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে গৌরনদী উপজেলার ৬০০ পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের উন্নয়নকে টেকসই করতে নারী-পুরুষ উভয়কেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে।

ফ্যামিলি কার্ড পাওয়া কয়েকজন নারীর সঙ্গে কথাও বলেন তিনি এবং তাঁদের মতামত শোনেন।

উচ্চশিক্ষা নিয়েও ঘোষণা

প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের এইচএসসি পর্যন্ত বিনা মূল্যে শিক্ষার সুযোগ চালু করেছিলেন। তাঁর সরকার সেই সুবিধা সম্প্রসারণ করে অনার্স পর্যন্ত বিনা মূল্যে শিক্ষার ব্যবস্থা করবে। পাশাপাশি মেধাবী ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।

সম্প্রীতির আহ্বান

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার সব ধর্মের মানুষের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। তিনি বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই যুগ যুগ ধরে এ দেশে একসঙ্গে বসবাস করে আসছে এবং সেই সম্প্রীতির ধারাবাহিকতা বজায় রাখাই সরকারের লক্ষ্য।

গৌরনদীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বরিশাল নগরের সাগরদী খাল এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। পরে জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে সন্ধ্যায় ঢাকায় ফেরার সূচি রয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত