ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ‘বিচারাধীন’ থাকা ভোটারদের ৭০ শতাংশের বেশি মুসলিম বলে দাবি করেছে গবেষণা প্রতিষ্ঠান সবর ইনস্টিটিউট। তাদের সমীক্ষা অনুযায়ী, ২৭ লাখের বেশি বিচারাধীন ভোটারের মধ্যে ৭০.১৭ শতাংশ মুসলিম এবং প্রায় ৫১ শতাংশ নারী। প্রতিবেদনে বলা হয়েছে, ‘যৌক্তিক অসংগতি’ দেখিয়ে এসব ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
সমীক্ষায় আরও বলা হয়, অতিরিক্ত তালিকা থেকেও প্রায় ৬৪ লাখ ভোটারের নাম বাদ গেছে। এদের মধ্যে অনেককে স্থানান্তরিত, মৃত, অনুপস্থিত বা ডুপ্লিকেট ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে ধর্ম ও লিঙ্গভিত্তিক তথ্যসম্বলিত একটি উন্মুক্ত ডেটাবেজ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, সামান্য বানান ভুল, মা–বাবার বয়সের ব্যবধান কিংবা পরিবারের সদস্যসংখ্যার মতো কারণ দেখিয়েও বহু বৈধ ভোটারের নাম কাটা হয়েছে। এতে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।
তবে ভারতের নির্বাচন কমিশনের দাবি, মূলত মৃত, স্থানান্তরিত বা খুঁজে পাওয়া যায়নি—এমন ভোটারদের নামই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, বিশেষ করে মুসলিম ভোটারদের নাম বাদ দেওয়াই তাদের নির্বাচনী পরাজয়ের অন্যতম কারণ। বিজেপি অবশ্য এ অভিযোগ অস্বীকার করে বলেছে, ভুয়া ভোটার বাদ দেওয়ার কারণেই নির্বাচন সুষ্ঠু হয়েছে।