যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে বাংলাদেশি মালিকানাধীন একটি পিৎজার দোকানে বন্দুকধারীর গুলিতে মো. রাজু (৪৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় মোহাম্মদ রাসেল (৩৯) নামে আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত রাজুর বাড়ি বাংলাদেশের নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামে। তাঁর স্ত্রী ও দুই সন্তান বাংলাদেশে থাকেন। প্রায় তিন বছর আগে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে ব্রুকলিনের রকঅ্যাওয়ে অ্যাভিনিউর আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা নামের দোকানে এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে রাত ১২টা ১ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ রাজু ও রাসেলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা রাজুকে মৃত ঘোষণা করেন। তাঁর বুকে গুলি লেগেছিল। আহত রাসেলের ঊরুতে গুলি লাগে। তিনি চিকিৎসাধীন রয়েছেন।
রাসেলের ভাষ্য, এক ব্যক্তি দোকানে ঢুকে কোনো কথা না বলেই প্রথমে তাঁকে গুলি করেন। পরে ক্যাশিয়ার হিসেবে কাজ করা রাজুকেও গুলি করা হয়। হামলার পর বন্দুকধারী দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়।
এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি নিউইয়র্ক পুলিশ। হামলার কারণ এবং জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে তদন্ত চলছে।
দোকানের মালিক আবদুল জলিল জানান, রাজু তাঁর বন্ধু ছিলেন এবং দোকানটি নিজের মতো করে দেখভাল করতেন। তাঁর পরিবারের সদস্যরা বাংলাদেশে থাকায় মরদেহ দেশে পাঠাতে বাংলাদেশি কমিউনিটির সহযোগিতা প্রয়োজন বলে তিনি জানান।
নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি অভিবাসীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হামলাকারীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।