নয়াদিল্লি: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত সরকারের সঙ্গে কোনো আলোচনায় বসবে না বলে স্পষ্ট জানিয়েছে বিরোধী দলগুলোর জোট। বৃহস্পতিবার সংসদ ভবনে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে কংগ্রেস নেতা ও সংসদ সদস্য কে.সি. বেনুগোপাল জানান, বিষয়টি ইতোমধ্যে লোকসভার স্পিকার ওম বিড়লাকে অবহিত করা হয়েছে। তাঁর ভাষ্য, শিক্ষামন্ত্রীর পদত্যাগের আগে এ ইস্যুতে আলোচনায় অংশ নেবে না বিরোধীরা।
নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যেই বিরোধীদের এই অবস্থান সামনে এলো। এদিন সংসদ ভবন চত্বরে বিভিন্ন বিরোধী দলের সংসদ সদস্যরা বিক্ষোভ কর্মসূচিও পালন করেন।
অন্যদিকে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, তারা সংসদে নিট ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত। সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সরকার এ বিষয়ে খোলামেলা আলোচনার পক্ষে।
এদিকে বিজেপির কেন্দ্রীয় সভাপতি নীতীন নবীন অভিযোগ করেন, বিরোধীরা সংসদীয় বিতর্ক এড়িয়ে যাচ্ছে। তাঁর দাবি, সংসদে আলোচনা হলে বিরোধীদের অবস্থান স্পষ্ট হয়ে যাবে। তিনি বলেন, নিটসহ শিক্ষার্থী সংশ্লিষ্ট সব বিষয়ে সরকার আলোচনা ও প্রশ্নের জবাব দিতে প্রস্তুত, তবে বিরোধীরাই বিতর্ক থেকে দূরে সরে থাকছে।