ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে বিশ্বের ৭০টির বেশি দেশের প্রতিনিধি অংশ নেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজের জন্য নতুন সার্ভিস ফি চালুর পরিকল্পনার কথা জানিয়ে মিত্র দেশগুলোর জন্য বিশেষ ছাড়ের ইঙ্গিত দিয়েছে দেশটি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে ৭০টির বেশি দেশের প্রতিনিধি তেহরানে এসেছেন। তিনি বিশেষভাবে আরব দেশগুলোর প্রতিনিধিদের উপস্থিতির প্রশংসা করে বলেন, এই অংশগ্রহণ ইরানের সঙ্গে তাদের সম্পর্কের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
এদিকে চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদুর রেজা রহমানি ফাজলি জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর নতুন সার্ভিস ফি আরোপের প্রস্তুতি চলছে। তবে সাম্প্রতিক সংকটের সময় যেসব দেশ ইরানের পাশে ছিল, তাদের জন্য বিশেষ সুবিধা বিবেচনা করা হবে।
তিনি বলেন, হরমুজ প্রণালির একটি অংশ ইরানের জলসীমার মধ্যে অবস্থিত। তাই সেখানে নিরাপদ নৌচলাচল, জাহাজের তদারকি এবং পরিবেশগত ঝুঁকি মোকাবিলার জন্য সার্ভিস ফি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এটি কোনো টোল বা জোরপূর্বক কর নয় বলেও তিনি স্পষ্ট করেন।
রাষ্ট্রদূত আরও জানান, নতুন ব্যবস্থাপনা বাস্তবায়নে ওমানের সঙ্গে যৌথভাবে কাজ করছে ইরান। এর লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথে নিরাপদ ও কার্যকর নৌচলাচল নিশ্চিত করা।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া একটি প্রাথমিক সমঝোতায় প্রথম ৬০ দিন হরমুজ প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে কোনো ফি না নেওয়ার কথা উল্লেখ ছিল। তবে ওই সময়সীমা শেষ হওয়ার পর কী ধরনের নীতিমালা কার্যকর হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
বর্তমানে খামেনির রাষ্ট্রীয় শোকানুষ্ঠান উপলক্ষে রাজধানী তেহরানে দেশি-বিদেশি প্রতিনিধি এবং হাজারো মানুষের সমাগম অব্যাহত রয়েছে।