উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিচ্ছে না নেপাল

আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা আপাতত নিচ্ছে না নেপাল

নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজদের সন্ধান ও উদ্ধার অভিযানে আপাতত কোনো বিদেশি উদ্ধারকারী দলের সহায়তা নেওয়া হবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নিজস্ব নিরাপত্তা বাহিনীর সক্ষমতার ওপর ভরসা করেই বর্তমানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

বুধবারের ভয়াবহ বন্যায় চীনের তিব্বত সীমান্তবর্তী রাসুওয়া জেলাসহ নেপালের বেশ কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পাশাপাশি জলবিদ্যুৎ প্রকল্পেও ব্যাপক প্রভাব পড়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা প্রায় ৫০০-এর কাছাকাছি পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নেপালে নিজেদের নাগরিক নিখোঁজ থাকায় দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে একটি উদ্ধারকারী দল পাঠিয়েছে। দেশটি আরও ত্রাণ পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে। তবে কাঠমান্ডু জানিয়েছে, আপাতত বিদেশি উদ্ধারকারী দল গ্রহণের পরিকল্পনা তাদের নেই।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী বলেন, বিভিন্ন দেশের পক্ষ থেকে সহায়তার প্রস্তাব আসা স্বাভাবিক। তবে বর্তমানে দেশটির নিরাপত্তা সংস্থাগুলোই অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে এবং এ মুহূর্তে বিদেশি সহায়তার প্রয়োজন নেই।

নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত দক্ষিণ কোরিয়ার নয়জন নাগরিকও নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশ উদ্ধারকারী দল পাঠানোর অনুমতি চেয়েছে বলে দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে।

বিদেশি দল গ্রহণে নেপালের অনীহার সম্ভাব্য কারণ হিসেবে রাসুওয়া জেলার ভৌগোলিক অবস্থানের কথা উল্লেখ করেছেন জাতিসংঘে নেপালের সাবেক রাষ্ট্রদূত দিনেশ ভট্টরাই। তাঁর মতে, চীনের তিব্বত সীমান্তবর্তী হওয়ায় এলাকাটি স্পর্শকাতর হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। তবে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধারণা নাকচ করে জানিয়েছে, সিদ্ধান্তটির সঙ্গে চীনের কোনো বিষয় জড়িত নয়।

এদিকে, উদ্ধার অভিযানে বিদেশি দল না নিলেও দুর্যোগ মোকাবিলা ও পুনর্বাসনের জন্য আন্তর্জাতিক আর্থিক সহায়তা চাইছে নেপাল। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তহবিলের আবেদন জানিয়েছে। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা ইতোমধ্যে আর্থিক সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিষয়:

নেপাল
এলাকার খবর

সম্পর্কিত