কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর সাবেক সতীর্থ ও পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। ইমরানকে বন্ধু ও মেন্টর হিসেবে উল্লেখ করে তাঁর বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কথা জানিয়েছেন আকরাম।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিককে দেওয়া এক সাক্ষাৎকারে আকরাম বলেন, রাজনৈতিকভাবে ইমরানের সঙ্গে যা ঘটছে, তা দুঃখজনক। তবে রাজনৈতিক বিষয় যাই হোক না কেন, তাঁর স্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপস করা উচিত নয়।
ইমরান খান তিন বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। গত দুই সপ্তাহে তাঁর স্বাস্থ্য নিয়ে ক্রিকেট অঙ্গনে উদ্বেগ আরও বেড়েছে। সম্প্রতি ২২ জন সাবেক ও বর্তমান অধিনায়কের একটি দল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে খোলা চিঠি দিয়ে ইমরানের মৌলিক অধিকার ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানায়।
বর্তমান অধিনায়কদের মধ্যে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সও এ উদ্বেগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। এর আগে সাবেক ওয়েস্ট ইন্ডিজ তারকা ব্রায়ান লারাও ইমরানকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মধ্যেও ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশের ঘটনা ঘটেছে। জাভেদ মিয়াঁদাদ আবেগঘন সাক্ষাৎকারে ইমরানকে কারাগার থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানান। পরে মঈন খান ও রমিজ রাজাও এ বিষয়ে কথা বলেন।
এবার সেই তালিকায় যুক্ত হলেন ওয়াসিম আকরাম। সাক্ষাৎকারে তিনি জানান, দীর্ঘদিন ধরে ইমরানের সঙ্গে তাঁর কোনো কথা হয়নি। আকরামের ভাষ্য, রাজনৈতিক বিষয় আদালতের প্রক্রিয়ার অংশ হিসেবে চলবে, কিন্তু ইমরানের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আলাদাভাবে গুরুত্ব পাওয়া উচিত।
ইমরানের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে আকরাম বলেন, অবসর নেওয়ার পরও তাঁদের নিয়মিত যোগাযোগ ছিল। তিনি ইমরানের কাছে যেতেন এবং তাঁর সঙ্গে সময় কাটাতেন। এখন সেই বন্ধুর সঙ্গে কথা বলার সুযোগ না পাওয়াটা তাঁকে কষ্ট দেয় বলেও জানান তিনি।
ইংল্যান্ড ও অন্যান্য দেশে ইমরানের পক্ষে বিভিন্ন ধরনের উদ্যোগ ও আন্দোলনের প্রসঙ্গও তুলে ধরেন আকরাম। তবে পাকিস্তানের অভ্যন্তরে পরিস্থিতি নিয়ে তিনি কতটা আশাবাদী, সে বিষয়ে নিশ্চিত নন বলে জানান।
ইমরানের স্বাস্থ্য সম্পর্কে পাকিস্তান সরকারের দেওয়া তথ্য নিয়েও সংশয় প্রকাশ করেন আকরাম। তাঁর মতে, সরকার বলছে ইমরানের স্বাস্থ্য ভালো; কিন্তু প্রকৃত পরিস্থিতি কী, তা নিয়ে তিনি উদ্বিগ্ন।
এদিকে ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ চলাকালে ইমরানের দুই ছেলে সুলাইমান ও কাসিমের একটি সাক্ষাৎকার প্রচার করে স্কাই স্পোর্টস। সেখানে তাঁরা কারাগারে থাকা বাবার নিরাপত্তা ও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সাক্ষাৎকারটি প্রচারের বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আপত্তি জানিয়েছিল বলে ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে।
সবশেষে আকরাম আবারও ইমরানের স্বাস্থ্যের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তাঁর বক্তব্য, ইমরান দোষী সাব্যস্ত হন বা না হন কিংবা কারাগারে থাকুন বা না থাকুন—তাঁর স্বাস্থ্য সুরক্ষিত রাখা প্রয়োজন।