আনুষ্ঠানিকভাবে নাম বদলাল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাউরু

আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

‘নাউরু’ নয়, এখন থেকে দেশটির নাম ‘নাওয়েরো’

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাউরু আনুষ্ঠানিকভাবে দেশের নাম পরিবর্তন করে ‘নাওয়েরো প্রজাতন্ত্র’ (Republic of Naoero) করেছে। স্থানীয় ভাষার উচ্চারণ ও ঐতিহ্যবাহী নামের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

নাওয়েরোর প্রেসিডেন্ট ডেভিড অ্যাডিয়াং বলেন, নাম পরিবর্তনের পাশাপাশি দেশের আন্তর্জাতিক পরিচিতিমূলক কোড এবং নাগরিকদের পরিচয়ও ধীরে ধীরে নতুন নামে হালনাগাদ করা হবে। এতদিন নাগরিকদের ‘নাউরুয়ান’ বলা হলেও এখন থেকে ‘নাওয়েরো’ পরিচয় ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

সরকারের ভাষ্য, আন্তর্জাতিক পরিসরে দীর্ঘদিন বিদেশিদের উচ্চারণের সুবিধার্থে ‘নাউরু’ নামটি ব্যবহার করা হলেও স্থানীয় মানুষের কাছে দেশটির নাম সবসময়ই ছিল ‘নাওয়েরো’। নতুন সিদ্ধান্তের মাধ্যমে দেশটি তার ঐতিহ্যবাহী পরিচয়ে ফিরে এসেছে।

চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট অ্যাডিয়াং পার্লামেন্টে নাম পরিবর্তনের প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তী দুই দফা ভোটে তা অনুমোদিত হয়। তিনি বলেন, এই পরিবর্তন দেশের ভাষা, সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের প্রতি সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

মাত্র প্রায় ১২ হাজার জনসংখ্যার নাওয়েরো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র। একসময় ফসফেট খনির কারণে দেশটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হলেও পরবর্তীতে সেই শিল্পের পতনে বড় অর্থনৈতিক সংকটে পড়ে। বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি দেশটির অন্যতম বড় চ্যালেঞ্জ।

সরকার জানিয়েছে, নতুন নাম গ্রহণের পাশাপাশি জাতীয় উড়োজাহাজ, জাহাজ এবং সরকারি নথিপত্রেও ধাপে ধাপে পরিবর্তন আনা হবে। ইতোমধ্যে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার কাছে নতুন নাম স্বীকৃতির অনুরোধ জানানো হয়েছে। জাতিসংঘসহ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও চীনের বিভিন্ন সরকারি ওয়েবসাইটেও দেশটির নতুন নাম ‘নাওয়েরো’ ব্যবহার শুরু হয়েছে।

সরকারের মতে, এই নাম পরিবর্তনের মাধ্যমে নাওয়েরো ঔপনিবেশিক যুগের পরিচয় থেকে বেরিয়ে নিজস্ব ঐতিহ্য ও জাতীয় পরিচয়কে আন্তর্জাতিক অঙ্গনে আরও সুস্পষ্টভাবে তুলে ধরার নতুন অধ্যায়ে প্রবেশ করেছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত