‘তেলাপোকাদের’ আন্দোলনে লাঠিপেটা, দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ

বিনোদন ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশি লাঠিপেটার ঘটনার তীব্র সমালোচনা করেছেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। মঙ্গলবার রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগের নিন্দা জানিয়ে পুলিশের আচরণকে ‘গুন্ডামি’ বলে মন্তব্য করেন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সাহস না হারানোর আহ্বান জানান।

নাসিরুদ্দিন শাহ বলেন, একজন অযোগ্য ও অশিক্ষিত নেতৃত্ব দেশের মানুষকেও তেমন করে তুলতে চায়। তিনি অভিযোগ করেন, মুখে মুখোশ ও হাতে লাঠি নিয়ে পুলিশ যেভাবে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। একই সঙ্গে তিনি পুলিশ সদস্যদের নিজেদের সন্তানদের ভবিষ্যতের কথাও ভাবার আহ্বান জানান।

ভিডিও বার্তার শেষে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের আন্দোলনের প্রতি দেশের অনেক মানুষের সমর্থন রয়েছে এবং ন্যায়সঙ্গত দাবির জন্য লড়াই চালিয়ে যেতে হবে।

এদিকে দিল্লি পুলিশের দাবি, আন্দোলনকারীরা সহিংস আচরণ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বলপ্রয়োগ করা হয়েছে। তবে আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ নির্বিচারে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতেও পুলিশি অভিযান এবং সাধারণ পোশাকধারী কিছু ব্যক্তির হামলার দৃশ্য দেখা গেছে।

শিক্ষাব্যবস্থার অনিয়ম ও নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলনে সমাজকর্মী সোনম ওয়াংচুকও যোগ দিয়েছেন। একই ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিরোধী নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নিলে পরে তাঁকেও পুলিশ হেফাজতে নেয়।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত