আবারও কমলো এলপিজির দাম, কবে থেকেই কার্যকর নতুন মূল্য

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)র দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় প্রতি কেজি এলপিজির দাম কমেছে ২৯ টাকা ৭৬ পয়সা। ফলে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ৩৫৭ টাকা কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫২৮ টাকায়।

বৃহস্পতিবার (২ জুলাই) বিইআরসি নতুন মূল্য ঘোষণা করে জানায়, সংশোধিত দাম আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে। একই সঙ্গে অটোগ্যাসের দামও কমিয়ে প্রতি লিটার ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৮৬ টাকা ৯৩ পয়সা।

বিইআরসি জানিয়েছে, নতুন হিসাবে প্রতি কেজি এলপিজির মূল্য নির্ধারণ করা হয়েছে ১২৭ টাকা ৩০ পয়সা। এর ভিত্তিতেই বিভিন্ন ওজনের সিলিন্ডারের দাম নির্ধারিত হবে। আগে প্রতি কেজির দাম ছিল ১৫৭ টাকা ৬ পয়সা।

সংস্থাটি বলছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়ার পর বিশ্ববাজারে এলপিজির কাঁচামালের দাম কমতে শুরু করেছে। আন্তর্জাতিক বাজারের সেই মূল্যহ্রাসের প্রভাব দেশীয় বাজারেও সমন্বয় করা হয়েছে।

তবে বাজারে সরকারি নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হওয়ার অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে গৃহস্থালিতে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে অনেক বিক্রেতা নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম নিচ্ছেন বলে ভোক্তাদের অভিযোগ রয়েছে।

এদিকে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে ৮২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা করেছিল। এরপর এক মাসের ব্যবধানে আবারও বড় পরিসরে দাম কমানো হলো।

২০২১ সালের এপ্রিল থেকে প্রতি মাসে আন্তর্জাতিক বাজারে সৌদি আরবের আরামকো ঘোষিত সৌদি কার্গো প্রাইস (সিপি), আমদানি ব্যয় এবং ডলারের গড় বিনিময় হার বিবেচনায় দেশে এলপিজির দাম সমন্বয় করে আসছে বিইআরসি।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত