সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার যুবলীগের দুই নেতা–কর্মী

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা-পরবর্তী সমাবেশে বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। মামলার পর সন্দেহভাজন হিসেবে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্যসচিব মো. সালামত উল্লাহ সাভার মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি দায়ের করেন।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দুজন হলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামের মো. নুরুল ইসলাম (৫২) এবং সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার মো. সজীব (৩২)। পুলিশ জানায়, নুরুল ইসলাম সিংগাইরের একটি ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সজীব সাভার যুবলীগের কর্মী।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, সোমবার রাত ২টার দিকে সাভারের আনন্দপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, সোমবার রাতে তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে দলের কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠার কিছুক্ষণ আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জেনারেটরের মাধ্যমে সীমিত আলোর ব্যবস্থা করা হয়। রাত আনুমানিক ৯টা ৪২ মিনিটে মঞ্চের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ধোঁয়ায় চারদিক আচ্ছন্ন হয়ে যায় এবং উপস্থিত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কয়েকজন আহত হন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এনসিপির কেন্দ্রীয় নেতা-কর্মী ও সমাবেশে উপস্থিত সাধারণ মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটিয়েছে। বিস্ফোরণের পেছনে সংঘবদ্ধ কোনো নিষিদ্ধ গোষ্ঠীর সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে এনসিপির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদ নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। তবে তদন্ত ছাড়া কাউকে দায়ী করা বা নিরপরাধ কাউকে হয়রানি করা উচিত হবে না।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত