সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী আর নেই। সোমবার ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন নজরুল ইসলাম চৌধুরী। গত প্রায় তিন মাস ধরে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। কয়েক দিন আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাতিজা বায়েজিদ আল নাহিয়ান। তিনি জানান, মরদেহ চট্টগ্রাম নগরের বেভারলি হিল আবাসিক এলাকার বাসভবনে নেওয়া হবে। সেখানে সোমবার রাত ১০টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
রাজনৈতিক জীবনে নজরুল ইসলাম চৌধুরী আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) মনোনয়নে চট্টগ্রাম-১৪ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। পাশাপাশি তিনি দলটির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহসভাপতির দায়িত্বও পালন করেছিলেন।