মাদক নির্মূল নিয়ে মির্জা ফখরুল সাহেব কি বললেন?

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু আইন প্রয়োগ বা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে এটিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মাদকের অপব্যবহার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যেই সভাটির আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, সরকার ইতোমধ্যে মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। তবে এই উদ্যোগকে সফল করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়েই মাদকবিরোধী কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে চায় সরকার।

তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেগুলোর ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে তিনি এ বিষয়ে জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী আরও বলেন, মাদক যে সমাজ ও মানুষের জন্য ভয়াবহ ক্ষতিকর, সেই বার্তা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। জনসচেতনতা বাড়ানোই মাদক প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় বলে মন্তব্য করেন তিনি।

এ সময় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি ও বিসিবির পরিচালক মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত