ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না বলে সতর্ক করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, কার্ড বিতরণে দালাল বা মধ্যস্বত্বভোগীদের কোনো সুযোগ নেই। কেউ অনিয়মে জড়িত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনায় জনগণই ক্ষমতার উৎস এবং সরকার জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করছে। তাই সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে প্রকৃত উপকারভোগীরা যেন সঠিকভাবে সুবিধা পান, সে বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে জহির উদ্দিন স্বপন সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। পরে অতিথিরা স্বনির্ভর খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু এবং জেলা যুবদলের নেতা সৈয়দ আলম খান সেন্টুসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।