দিনভর উত্তেজনা: উপদেষ্টাকে ঘাড় ধরে বের করে দিলেন কর্মকর্তারা

সহযাত্রী ডেস্ক
গভর্নর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে আজ সকালে বিক্ষোভ করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা। ছবি: সংগৃহীত
গভর্নর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে আজ সকালে বিক্ষোভ করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের বিদায়টা মোটেও সুখকর হলো না। নিয়োগ বাতিলের আগে টানা কয়েক দিন কর্মকর্তাদের আন্দোলনের মুখে পড়েন তিনি। দিনভর চরম উত্তজনা, বিক্ষোভ এবং পুলিশি প্রহরার মধ্যেই আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) তার নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

পেশায় ব্যবসায়ী ও হিসাববিদ মোস্তাকুর রহমানই দেশের ইতিহাসে প্রথম ব্যবসায়ী, যিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পেলেন।

দিনভর নাটকীয়তা ও বিক্ষোভ আজ সকালে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা গভর্নরের ‘স্বৈরাচারী’ আচরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন। বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের আয়োজনে এই সমাবেশে তিন কর্মকর্তার বিরুদ্ধে জারি করা কারণ দর্শানো (শোকজ) ও বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়। দাবি না মানলে আগামীকাল বৃহস্পতিবার থেকে কলমবিরতিতে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

প্রতিবাদ সভায় পরিচালক শাহরিয়ার সিদ্দিকী বলেন, “আমরা চেয়েছি স্বায়ত্তশাসন, কিন্তু পেয়েছি স্বৈরশাসন। গভর্নর আমাদের ন্যায্য দাবি না মেনে উল্টো দমন-নিপীড়নের আশ্রয় নিয়েছেন।” কাউন্সিলের সভাপতি মাসুম বিল্লাহ অভিযোগ করেন, “গভর্নর বিভিন্ন স্বৈরাচারী পদক্ষেপ নিয়েছেন এবং আলোচনার পথ বন্ধ করে দিয়েছেন।”

আহসান মনসুরের সংবাদ সম্মেলন ও বিদায় কর্মকর্তাদের বিক্ষোভের পর আহসান এইচ মনসুর এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে দাবি করেন, কিছু কর্মকর্তা স্বার্থান্বেষী মহলের ইশারায় প্রতিষ্ঠানের মানমর্যাদা ক্ষুণ্ন করছেন। তিনি বলেন, “সংকটগ্রস্ত ব্যাংকগুলোকে দেউলিয়া হওয়া থেকে রক্ষা করা এবং আমানতকারীদের সুরক্ষা দেওয়াই ছিল আমার লক্ষ্য। পদত্যাগ করতে আমার মাত্র দুই সেকেন্ড সময় লাগবে।”

সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরপরই তিনি জানতে পারেন সরকার নতুন গভর্নর নিয়োগ দিয়েছে। এরপর তিনি বাংলাদেশ ব্যাংক ত্যাগ করেন।

উপদেষ্টাকে বের করে দেওয়া ও ‘মব’ পরিস্থিতি আহসান মনসুর চলে যাওয়ার সময় কেন্দ্রীয় ব্যাংকের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বেশ কয়েকজন কর্মকর্তা ‘মব’ তৈরি করে গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে ভবন থেকে বের করে দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ‘ধর ধর’ স্লোগান দিয়ে আহসান উল্লাহর ঘাড় ধরে গাড়িতে তুলে দেন। এই ঘটনায় নেতৃত্ব দেন কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক তৌহিদুল ইসলামসহ প্রায় ৩০ জন কর্মকর্তা।

বিশ্লেষকের মত সামগ্রিক বিষয় নিয়ে সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “হঠাৎ করে গভর্নর পদে পরিবর্তন ভালো বার্তা দেয় না। আহসান এইচ মনসুর জ্ঞানী মানুষ, তিনি ভালো করছিলেন। তার সময়ে পাঁচ ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনসহ অনেক গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। তবে নতুন সরকার যদি মনে করে এই নীতি যথোপযুক্ত নয়, তবে তারা পরিবর্তন আনতেই পারে।”

এলাকার খবর

সম্পর্কিত