রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনার পর নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার ঢাকার বিভিন্ন এলাকায় দুই শতাধিক চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি ও নিয়মিত টহল পরিচালনা করছে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, নাশকতার ঘটনাগুলোর পর জননিরাপত্তা নিশ্চিত করতে এসব চেকপোস্ট বসানো হয়েছে।
শুক্রবার রাজধানীর অন্তত সাতটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া কাফরুল এলাকায় একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। এসব ঘটনায় অন্তত তিনজন আহত হন।
পুলিশ জানায়, শনিবার সকাল ১০টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন অভিযানে ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় বিভিন্ন অভিযোগে ৪৭টি মামলা করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ৩৪, ওয়ারীতে ৬৪, মতিঝিলে ৭৬, তেজগাঁওয়ে ৯২, মিরপুরে ১২০, গুলশানে ৩৭ এবং উত্তরা বিভাগে ৪৬ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৬ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০টি গুলি, তিনটি চাপাতি ও পাঁচটি চাকু উদ্ধার করা হয়েছে। বিস্ফোরিত ককটেল থেকে ৫৩টি লোহার পেরেকও উদ্ধার করা হয়।
এ ছাড়া পুলিশের অভিযানে ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭টি ইয়াবা, ১২১ দশমিক ৩ গ্রাম হেরোইন, তিন বোতল বিদেশি মদ, ২০ ক্যান বিয়ার, একটি ব্যক্তিগত গাড়ি, পাঁচটি মোবাইল ফোন এবং ৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।
বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না জানতে চাইলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সন্দেহভাজনদের শনাক্ত করেছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।