মিডল্যান্ড ব্যাংক পিএলসি গ্রাহকদের জন্য সম্পূর্ণ ডিজিটাল ঋণসেবা ‘এমডিবি ই-লোন’ চালু করেছে। নতুন এই সেবার মাধ্যমে গ্রাহকেরা ব্যাংকের মিডল্যান্ড অনলাইন মোবাইল অ্যাপ ব্যবহার করে দ্রুত ও সহজে ঋণ গ্রহণ করতে পারবেন।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ঢাকার গুলশান-২ এলাকায় অবস্থিত প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমতিয়াজ ইউ আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) মো. জাহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মো. নজমুল হুদা সরকারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনার আলোকে বাণিজ্যিকভাবে ডিজিটাল ঋণসেবা চালুর অংশ হিসেবে ‘এমডিবি ই-লোন’ চালু করা হয়েছে।
এই সেবার আওতায় যোগ্য গ্রাহকেরা সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায় সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ঋণের সর্বোচ্চ পরিশোধকাল নির্ধারণ করা হয়েছে ১২ মাস।
অনুষ্ঠানে ইমতিয়াজ ইউ আহমেদ বলেন, ‘এমডিবি ই-লোন’ চালুর মাধ্যমে উদ্ভাবনী প্রযুক্তিনির্ভর ব্যাংকিং, আর্থিক অন্তর্ভুক্তি এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার ক্ষেত্রে মিডল্যান্ড ব্যাংকের অঙ্গীকার আরও শক্তিশালী হলো।