সমান গোল, তবু গোল্ডেন বুটের দৌড়ে মেসির ওপরে এমবাপ্পে, কেন?

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

হ্যাটট্রিক নেই, তবে আছে তিনটি জোড়া গোল। আর সেই ধারাবাহিক পারফরম্যান্সেই গোল্ডেন বুটের লড়াইয়ে নতুন উত্তেজনা যোগ করেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

গ্রুপ পর্ব শেষে আলোটা ছিল আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির দিকেই। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল এবং জর্ডানের বিপক্ষে বদলি নেমে একটি গোল করে মোট ছয় গোল নিয়ে তিনি ছিলেন গোল্ডেন বুটের শীর্ষে।

তবে নকআউট পর্বে এসে সেই অবস্থানে ভাগ বসিয়েছেন এমবাপ্পে। রাউন্ড অব ৩২-এ সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে তিনি শুধু ফ্রান্সকে শেষ ষোলোয় তুলেননি, গোলসংখ্যাতেও ছুঁয়ে ফেলেছেন মেসিকে। এর আগে গ্রুপ পর্বে সেনেগাল ও ইরাকের বিপক্ষেও দুটি করে গোল করেছিলেন তিনি।

চার ম্যাচ শেষে এমবাপ্পে ও মেসি—দুজনেরই গোলসংখ্যা এখন ছয়। তবে সমান গোল করেও গোল্ডেন বুটের তালিকায় এগিয়ে আছেন এমবাপ্পে।

এর কারণ ফিফার টাইব্রেকার নিয়ম। একাধিক খেলোয়াড়ের গোলসংখ্যা সমান হলে প্রথমে বিবেচনা করা হয় অ্যাসিস্ট। সেখানে এমবাপ্পে এগিয়ে। ফরাসি অধিনায়কের রয়েছে দুটি অ্যাসিস্ট, যেখানে মেসির অ্যাসিস্ট নেই। ফলে গোল সমান হলেও তালিকার শীর্ষে অবস্থান করছেন এমবাপ্পে।

টুর্নামেন্টের শেষ পর্যন্ত এই অবস্থান ধরে রাখতে পারলে এমবাপ্পে বিশ্বকাপ ইতিহাসে টানা দুই আসরে গোল্ডেন বুট জেতা প্রথম ফুটবলার হবেন। ২০২২ কাতার বিশ্বকাপে আট গোল করে তিনি এই পুরস্কার জিতেছিলেন।

তবে লড়াই এখনো অনেক বাকি। মেসির সামনে রয়েছে কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচ। অন্যদিকে ফ্রান্স ইতোমধ্যে শেষ ষোলো নিশ্চিত করায় এমবাপ্পেও অন্তত আরও একটি ম্যাচ খেলবেন। ফলে গোল্ডেন বুটের শীর্ষস্থান সামনে আরও কয়েকবার হাতবদল হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

এমবাপ্পে ও মেসির পেছনেও রয়েছেন কয়েকজন শক্তিশালী দাবিদার। চার ম্যাচে পাঁচ গোল নিয়ে তৃতীয় স্থানে আছেন নরওয়ের আর্লিং হলান্ড, যার পরবর্তী প্রতিপক্ষ ব্রাজিল। এমবাপ্পের সতীর্থ উসমান দেম্বেলের রয়েছে চার গোল ও দুটি অ্যাসিস্ট। আর ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়রের ঝুলিতে আছে চার গোল ও একটি অ্যাসিস্ট।

গোল্ডেন বুট তালিকার শীর্ষ পাঁচ দাবিদারের দলই এখনো টুর্নামেন্টে টিকে আছে। ফলে টুর্নামেন্ট যত এগোবে, ব্যক্তিগত এই লড়াইও ততই জমে উঠবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত