জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া এক হত্যাচেষ্টা মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২৮ জুন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) রিফাত আল আফসানী তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আসামির উপস্থিতিতে শুনানির জন্য বুধবার দিন ধার্য করা হয়।
পুলিশের আবেদনে বলা হয়, তদন্তে পাওয়া সাক্ষ্য-প্রমাণ অনুযায়ী জেবুন্নেসা আফরোজ আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অস্ত্রধারী সদস্যদের উসকানি দেওয়া, অর্থায়ন এবং নির্দেশদাতার ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া মামলার ঘটনায় তার প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, তাকে জামিন দেওয়া হলে তিনি পলাতক থেকে মামলার তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন। তাই তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় আসামিরা পরস্পরের যোগসাজশে শিক্ষার্থীদের আন্দোলন প্রতিহত করতে উসকানিমূলক বক্তব্য দেন এবং আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশনা দেন।
অভিযোগ অনুযায়ী, একই বছরের ৫ আগস্ট সকাল ১০টার দিকে রাজধানীর ভাটারা থানাধীন যমুনা ফিউচার পার্কের সামনে যমুনা টিভি গেট এলাকায় জেবুন্নেসা আফরোজ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত থেকে উসকানিমূলক বক্তব্য, অর্থায়ন এবং নির্দেশনা প্রদান করেন।
ঘটনার পর ওই বছরের ২৫ ডিসেম্বর ভাটারা থানায় ব্যবসায়ী রবিউল ইসলাম বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করেন।