রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি নূর মোহাম্মদ

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মো. নূর মোহাম্মদকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের প্রসিকিউশনের উপপরিদর্শক (এসআই) আরিফ রেজা।

এর আগে গত ২৭ জুন রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে। পরদিন আদালতের অনুমতি নিয়ে তাঁকে তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৮ জুন সকাল পৌনে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনালসংলগ্ন শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের কর্মীদের নিয়ে একটি মিছিল বের করা হয়। এ ঘটনায় নূর মোহাম্মদসহ ৩০ থেকে ৩৫ জন অংশ নেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, মিছিল থেকে রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং একপর্যায়ে ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়। পরে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেল, ব্যানার, প্ল্যাকার্ড ও একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

ওই ঘটনার পর দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। মামলাটির তদন্ত চলমান রয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত