মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যতে যুক্তরাষ্ট্রকে এককভাবে ফিফা বিশ্বকাপ আয়োজন করতে দেখতে চান। তাঁর মতে, পরবর্তী কোনো আসরে কানাডা ও মেক্সিকোকে বাদ দিয়ে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেরই আয়োজক হওয়া উচিত।
শুক্রবার (১৭ জুলাই) নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ফিফা কর্মকর্তাদের উদ্দেশে ট্রাম্প এ মন্তব্য করেন। রয়টার্সের তথ্য অনুযায়ী, তিনি বলেন, "পরেরবার আবারও যুক্তরাষ্ট্রকে আয়োজক হিসেবে বেছে নিন। তবে এবার কানাডা ও মেক্সিকোকে বাদ দিন।"
বর্তমান ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ৪৮ দলের এই আসরের অধিকাংশ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের অভিজ্ঞতা তুলে ধরে ট্রাম্প বলেন, ভবিষ্যতে এককভাবে বিশ্বকাপ আয়োজনের সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে।
তিনি আরও বলেন, "পরেরবার অন্যভাবে আয়োজন করা উচিত। এতে সবার মধ্যে যে উত্তেজনা, ক্ষোভ ও বিভাজন তৈরি হয়, সেটাও কিছুটা কমবে।"
এরই মধ্যে আগামী দুই বিশ্বকাপের আয়োজক নির্ধারণ করে ফেলেছে ফিফা। ২০৩০ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন। আর ২০৩৪ সালের আসরের আয়োজক সৌদি আরব। তবে ২০৩৮ বিশ্বকাপের আয়োজক এখনো চূড়ান্ত হয়নি।
অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গেও নিজের ঘনিষ্ঠ সম্পর্কের প্রসঙ্গ তোলেন ট্রাম্প। তিনি জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডজনিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ইনফান্তিনোর সঙ্গে কথা বলেছিলেন। পরে ফিফা বালোগানকে পরবর্তী ম্যাচে খেলার অনুমতি দেয়।
এ সিদ্ধান্তের জন্য ইনফান্তিনোকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, "আপনি একটি দারুণ সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এর জন্য কখনোই যথাযথ কৃতিত্ব পাবেন না।"
যদিও বালোগানকে খেলানোর সুযোগ মিলেছিল, তবু যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান দীর্ঘ হয়নি। শেষ ষোলোতে বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নেয় স্বাগতিকদের অন্যতম দলটি।
আগামী রোববার নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপের পর্দা নামবে। ওই ম্যাচে উপস্থিত থাকার কথা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও।