বিশ্বকাপ ফাইনালের আগে রেফারিং নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনাকে ঘিরে আগের ম্যাচগুলোতে রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ ওঠার প্রেক্ষাপটে তিনি বলেছেন, ফাইনালে ম্যাচ পরিচালনায় কোনো ধরনের শিথিলতা বা নিয়মের ব্যত্যয় চলবে না।
বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে হারের পর মিসরের কোচ হোসাম হাসান ও ফুটবলার মোস্তাফা জিকো রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এমনকি ম্যাচটির রেফারিং নিয়ে ফিফার কাছেও আনুষ্ঠানিক অভিযোগ জানায় মিসর।
এই প্রেক্ষাপটে রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের আগে দে লা ফুয়েন্তে বলেন, দায়িত্বপ্রাপ্ত স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে খেলার আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত-কে দেওয়া সাক্ষাৎকারে স্পেন কোচ বলেন,
"রেফারি কোনোভাবেই শিথিলতা দেখাতে পারেন না কিংবা নিয়ম ভাঙার সুযোগ দিতে পারেন না। ফুটবলের বৈধতার সীমারেখা কোনোভাবেই অতিক্রম করা উচিত নয়।"
তবে একই সঙ্গে ম্যাচ কর্মকর্তাদের প্রতি নিজের পূর্ণ আস্থার কথাও জানিয়েছেন তিনি।
দে লা ফুয়েন্তে বলেন,
"রেফারিদের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। একই সঙ্গে আমরা জানি, এমন বড় ম্যাচে কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেলতে হয়।"
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সাবেক প্রশিক্ষকও ছিলেন দে লা ফুয়েন্তে। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ফাইনালে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে স্পেনের নিজেদের খেলার ধরণ ধরে রাখা।
তার ভাষায়,
"আর্জেন্টিনা তাদের নিজস্ব স্টাইলে খেলবে। আমাদের মনোযোগ থাকতে হবে শুধু নিজেদের খেলায়। নিজেদের ফুটবলকে আরও কার্যকর করা এবং সেই দর্শন ধরে রাখাই আমাদের লক্ষ্য।"
স্পেন কোচ আরও সতর্ক করে বলেন, নিজেদের স্বাভাবিক খেলা থেকে বিচ্যুত হলে তার মূল্য দিতে হতে পারে।
তিনি বলেন,
"আমরা যদি আমাদের ফুটবল দর্শন ও খেলার ধরন থেকে সরে যাই, তাহলে ভুগতে হবে। আমরা আমাদের স্বাভাবিক ফুটবলই খেলতে চাই এবং কোনো উসকানিতে পা দিতে চাই না। তবে এর অর্থ এই নয় যে আর্জেন্টিনা অবশ্যই এমন কিছু করবে।"