রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন দ্রুত অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশ দূষণবিষয়ক এক সভায় তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির বিষয়টি জানান।
সভায় রাজধানীতে অতিরিক্ত হর্ন ব্যবহারের কারণে সৃষ্ট শব্দদূষণ নিয়েও আলোচনা হয়। এ সমস্যা নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে বায়ু ও শব্দদূষণ কমাতে বিভিন্ন কর্মপরিকল্পনা পর্যালোচনা করা হয়। বিশেষ করে ইটভাটার কারণে সৃষ্ট বায়ুদূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশবান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে হর্ন নিয়ন্ত্রণ ব্যবস্থায়ও কাজে লাগানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
রাজধানীর যান চলাচল আরও সুশৃঙ্খল করতে দ্রুত সময়ের মধ্যে অন্তত ৫০টি নতুন স্থানে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালুরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।