বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে বিধিনিষেধ

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রোববার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে সোমবার (২০ জুলাই) ভোর ৬টা পর্যন্ত বহিরাগতদের প্রবেশ ও যানবাহন চলাচলে বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য কোনো ব্যক্তির ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।

এ সময় শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত প্রবেশপথ দিয়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।

তবে জরুরি সেবার আওতায় থাকা কিছু যানবাহনকে এই বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে—

  • অ্যাম্বুলেন্স ও রোগীবাহী যান
  • চিকিৎসকদের যানবাহন
  • গণমাধ্যমকর্মীদের যান
  • রাইড-শেয়ারিং সেবা
  • খাবার সরবরাহকারী যান
  • অনলাইন শপিং ডেলিভারি যান
  • অন্যান্য সরকারি যানবাহন

এ ছাড়া অন্য সব ধরনের যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি সাধারণ যান চলাচলের জন্য খোলা থাকবে। তবে ক্যাম্পাস এলাকায় গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ আগের মতোই নিয়ন্ত্রিত থাকবে।

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ক্যাম্পাসে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতেই এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত