ব্রাজিল ম্যাচে থাকছেন না ‘জাপানের মেসি’ তাকেফুসা কুবো

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে বড় ধাক্কা খেল জাপান। হাঁটুর চোটের কারণে দলের অন্যতম তারকা উইঙ্গার তাকেফুসা কুবো এই ম্যাচে খেলতে পারবেন না। ফুটবলপ্রেমীদের কাছে তিনি ‘জাপানের মেসি’ নামেই বেশি পরিচিত।

হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জাপানের প্রধান কোচ হাজিমে মরিয়াসু নিশ্চিত করেন, কুবো এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে মাঠে নামানোর ঝুঁকি নেওয়া হচ্ছে না।

গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পান কুবো। এরপর তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে তাকে বিশ্রামে রাখা হয়। রোববার ব্যক্তিগতভাবে অনুশীলনে ফিরলেও ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে না আসায় তাকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে।

কুবোর শারীরিক অবস্থা সম্পর্কে মরিয়াসু বলেন, “সে এখন হালকা দৌড় ও ব্যক্তিগত অনুশীলন শুরু করেছে। তবে ব্রাজিলের বিপক্ষে খেলবে না। আমরা চাই, সে শতভাগ সুস্থ হয়ে মাঠে ফিরুক।”

তারকা এই উইঙ্গারকে ছাড়াই ‘এফ’ গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে জাপান। টানা তৃতীয়বার এবং সর্বশেষ পাঁচটি বিশ্বকাপের মধ্যে চতুর্থবারের মতো শেষ ষোলোয় ওঠা দলটি এবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কঠিন পরীক্ষার মুখে পড়েছে।

তবে শক্তিশালী প্রতিপক্ষকে সামনে পেয়েও আত্মবিশ্বাস হারাচ্ছেন না জাপানের কোচ। মরিয়াসু বলেন, “ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল। অনেকেই আমাদের আন্ডারডগ হিসেবে দেখছে। কিন্তু আমরা নিজেদের সামর্থ্যে বিশ্বাস রাখি।”

তিনি আরও বলেন, “আমরা প্রতিপক্ষকে যথাযথ সম্মান করি। তবে আগের ম্যাচগুলোতে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছি। সুযোগ পেলে এবারও নতুন ইতিহাস গড়তে চাই।”

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত