তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে চীন, সহযোগিতা নিয়ে দিল স্পষ্ট বার্তা

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি:
ছবি:

তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে (টিআরসিএমআরপি) বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থনের কথা আবারও জানিয়েছে চীন। একই সঙ্গে বেইজিং স্পষ্ট করেছে, বাংলাদেশ-চীন সহযোগিতা কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয় এবং এ ধরনের সহযোগিতায় বাইরের হস্তক্ষেপ থাকা উচিত নয়।

বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে যে উন্নয়ন সহযোগিতা চলছে, তা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। তিনি জোর দিয়ে বলেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতা স্বাধীন ও বহিরাগত প্রভাবমুক্ত থাকা প্রয়োজন।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নিকটবর্তী হওয়ায় তিস্তা প্রকল্প নিয়ে নয়াদিল্লির উদ্বেগ রয়েছে। বিশেষ করে প্রকল্পটির ভৌগোলিক অবস্থানকে কেন্দ্র করে ভারতের কৌশলগত সংবেদনশীলতা তৈরি হয়েছে।

চীনের মুখপাত্র বলেন, তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জনকল্যাণমূলক উদ্যোগ। এ প্রকল্প বাস্তবায়নে চীন সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে উন্নয়ন কৌশলের সমন্বয় আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করে তিনি অর্থনীতি, বাণিজ্য, পানি সম্পদ ব্যবস্থাপনা ও জনকল্যাণমূলক বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর কথাও জানান।

এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, তিস্তা প্রকল্প নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ ও চীনের বিশেষজ্ঞরা যৌথভাবে একটি কারিগরি সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করবেন। তার ভাষ্য, আগের তুলনায় প্রকল্পটি এখন আরও অগ্রসর পর্যায়ে রয়েছে। সমীক্ষায় প্রকল্পটি বাস্তবসম্মত ও কার্যকর প্রমাণিত হলে চীন প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

বাংলাদেশ ও চীন ইতোমধ্যে তিস্তাসহ দেশের নদীগুলোর ব্যবস্থাপনা নিয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। ফলে প্রকল্পটির পরবর্তী অগ্রগতি এবং সম্ভাব্য নতুন ঘোষণা নিয়ে আঞ্চলিক পর্যায়ে আগ্রহ তৈরি হয়েছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বিডব্লিউডিবি) ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ারচায়নার মধ্যে সমঝোতা স্মারকের (এমওইউ) মেয়াদ বাড়ানো হয়। এর মাধ্যমে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি আরও এগিয়ে যায়।

বিশ্লেষকদের মতে, তিস্তা নদীর অবস্থান ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডরের (চিকেনস নেক) কাছাকাছি হওয়ায় প্রকল্পটিতে চীনের সম্পৃক্ততা নয়াদিল্লির নিরাপত্তা বিবেচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত