বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ দেশে ফিরিয়ে আনতে সরকার ১৩টি দেশের কাছে ২৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স (এমএলএ) রিকোয়েস্ট পাঠিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, এসব আইনি সহায়তা চুক্তির মধ্যে বেশ কয়েকটি ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
সোমবার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের ওপর বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের আর্থিক খাত, বিশেষ করে ব্যাংকিং ব্যবস্থা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাই নতুন বাজেটের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা।
বিরোধীদলীয় নেতার সহযোগিতার প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়ে সরকার সর্বদলীয় সহযোগিতাকে ইতিবাচকভাবে দেখছে।
প্রধানমন্ত্রী আরও জানান, ক্ষতিগ্রস্ত ১৫টির বেশি ব্যাংক আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধারকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ৬০টিরও বেশি নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) স্বাক্ষর করেছে, যাতে পাচার হওয়া সম্পদের তথ্য সংগ্রহ ও পুনরুদ্ধার প্রক্রিয়া আরও কার্যকর করা যায়।
তিনি বলেন, দেশীয় ও আন্তর্জাতিক আইন অনুসরণ করে যত দ্রুত সম্ভব এবং সর্বোচ্চ পরিমাণ পাচার হওয়া অর্থ ও সম্পদ দেশে ফিরিয়ে আনার জন্য সরকার কাজ চালিয়ে যাচ্ছে।