'কুচি কুচি করে কাটার পর বলেন, আসুন একসঙ্গে দেশ চালাই'—সংসদে শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি:
ছবি:

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীকে ঘিরে সরকারি দলের সমালোচনার জবাবে দলের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদে অনেকেই আগে কঠোর সমালোচনা করেন, পরে আবার জাতীয় ঐক্যের আহ্বান জানান। এমন প্রবণতা পরিহার করে পারস্পরিক সম্মান ও সহযোগিতার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সোমবার (২৯ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে শফিকুর রহমান বলেন, "আগে সবাই কুচি কুচি করে কাটেন, তারপর বলেন—এসব ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ চালাই। বরং এই বিভাজনের রাজনীতি বাদ দিয়ে সুন্দর সমন্বয়ের মাধ্যমে দেশ পরিচালনা করা উচিত।"

তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে বর্তমান সংসদ গঠিত হয়েছে। তাই এই সংসদের প্রতিটি আচরণ এমন হওয়া উচিত, যা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবং জাতীয় ঐক্যকে শক্তিশালী করবে।

সরকারি ও বিরোধী দলের সম্পর্ক প্রসঙ্গে জামায়াত আমির সংসদকে দুই চাকার একটি যানবাহনের সঙ্গে তুলনা করেন। তার ভাষায়, একটি চাকা অচল হলে যেমন গাড়ি চলতে পারে না, তেমনি সরকারি বা বিরোধী—যেকোনো একটি পক্ষকে দুর্বল করলে সংসদের কার্যকারিতাও ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও বলেন, বিরোধী দলকে আঘাত করে বা দুর্বল করার চেষ্টা না করে উভয় পক্ষেরই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। কারণ একটি চাকার ক্ষতি শেষ পর্যন্ত পুরো ব্যবস্থাকেই অচল করে দিতে পারে।

অতীতের সংসদীয় সংস্কৃতির সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ব্যক্তিপূজা, অতিরিক্ত তোষামোদ কিংবা চরিত্রহননের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। জনগণের করের টাকায় পরিচালিত সংসদে এসবের পরিবর্তে দেশের উন্নয়ন ও জনস্বার্থের বিষয়গুলো গুরুত্ব পাওয়া উচিত।

বক্তব্যের শেষ দিকে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, জেনারেল এম এ জি ওসমানী, আ স ম আবদুর রবসহ সব শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানান।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত