জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২৯ জুন) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, জুলাইয়ের প্রতিটি দিন ছিল গণঅভ্যুত্থানের সফল পরিণতির দিকে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। সেই ইতিহাসকে নতুন করে স্মরণ এবং জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতেই প্রতিদিনের জন্য পৃথক কর্মসূচি নেওয়া হয়েছে।
হাসনাত আব্দুল্লাহ জানান, ১ জুলাই রায়েরবাজার বধ্যভূমিতে কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। একই দিনে ফ্যাসিবাদবিরোধী ছাত্রসংগঠনগুলোর সংহতি সভা এবং ‘জুলাই থেকে জনপদ’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন করা হবে। এর আওতায় বিচার ও গণভোটের দাবিতে উপজেলা পর্যায়ে মাসজুড়ে পদযাত্রা অনুষ্ঠিত হবে।
২ থেকে ৮ জুলাই পর্যন্ত দেশজুড়ে গ্রাফিতি, দেয়াল লিখন, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে প্রচারণা চালানো হবে। এছাড়া ৫ থেকে ৯ জুলাই ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
কর্মসূচির ধারাবাহিকতায় ১০ জুলাই লেখক ও বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনা, ১৪ জুলাই নারী সমাবেশ, ১৫ জুলাই কৃষকদের নিয়ে বিশেষ আয়োজন এবং ১৬ জুলাই শহীদদের কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এদিন রংপুরে শহীদ আবু সাঈদ ও চট্টগ্রামে শহীদ ওয়াসিমের কবরেও শ্রদ্ধা জানানো হবে।
১৭ জুলাই ফ্যাসিবাদের বিচারের দাবিতে কফিন মিছিল, ১৮ জুলাই ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’, ১৯ জুলাই উত্তরার ঘটনাবলি স্মরণ এবং ২০ জুলাই যাত্রাবাড়ি ও মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে কর্মসূচি পালন করা হবে।
পরবর্তী দিনগুলোতে চিকিৎসক, আহত ব্যক্তি, শিক্ষক, শ্রমিক, সাংবাদিক, যুবসমাজসহ গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অবদান তুলে ধরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ ও প্রদর্শনীর আয়োজন করা হবে।
১ আগস্ট ‘দেশপ্রেমের ইউনিফর্ম’ এবং ‘সংবাদে গণঅভ্যুত্থান’ শীর্ষক কর্মসূচির মাধ্যমে জুলাই আন্দোলনের সময় দায়িত্ব পালনকারী সাংবাদিকদের সম্মাননা দেওয়া হবে।
এছাড়া ২ আগস্ট ‘জুলাইয়ের গৃহযাত্রা’, ‘গণঅভ্যুত্থানের অগ্নিস্ফুলিঙ্গ’ ও ‘জুলাই স্মরণী’ প্রকাশ, ৩ আগস্ট ‘জনতার এক দফা’, ৪ আগস্ট শহীদ ও আহত পরিবারের সঙ্গে মতবিনিময় এবং ৫ আগস্ট ‘বিজয়ের উল্লাস’ কর্মসূচির মাধ্যমে মাসব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটবে।
হাসনাত আব্দুল্লাহ আরও জানান, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের অংশগ্রহণে পুরো মাসজুড়ে ‘প্রবাসে জুলাই’ কর্মসূচিও পরিচালিত হবে। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সব কর্মসূচি বাস্তবায়নের জন্য ‘জুলাই পুনর্জাগরণ বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে। তিনি নিজে কমিটির আহ্বায়ক এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। পরে প্রতিটি কর্মসূচির সময় ও স্থান আনুষ্ঠানিকভাবে জানানো হবে।