বিশ্বকাপ ফুটবল ফাইনালের টিকিটের দাম কত?

স্পোর্টস ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল মানেই বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর। সেই সঙ্গে থাকে টিকিটের তুমুল চাহিদা। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে এবার টিকিটের দাম পৌঁছে গেছে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। ফিফার নির্ধারিত প্রাথমিক মূল্যের তুলনায় পুনর্বিক্রয় বাজারে (রিসেল মার্কেট) টিকিটের দাম কয়েক গুণ বেড়ে গেছে।

আগামী রোববার নিউইয়র্কে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী, ম্যাচটির একটি টিকিটের গড় মূল্য দাঁড়িয়েছে ১১ হাজার ৩২৭ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ টাকার সমান। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো ক্রীড়া ইভেন্টের টিকিটের ক্ষেত্রে এটি সর্বোচ্চ গড় মূল্য।

বর্তমানে ফাইনালের সবচেয়ে কম দামের টিকিট বিক্রি হচ্ছে ৬ হাজার ৯৪৩ ডলারে। সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার আগে এই টিকিটের দাম ছিল প্রায় ৭ হাজার ২০০ ডলার। দুই ফাইনালিস্ট নিশ্চিত হওয়ার পর কিছুটা কমেছে মূল্য।

অন্যদিকে সবচেয়ে দামি টিকিট বিক্রি হয়েছে ২৮ হাজার ৪৭৯ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ টাকার সমান। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের ১১৫এ সেকশনের দুটি আসনের জন্য মোট মূল্য গিয়েছে ৫৬ হাজার ৯৫৮ ডলার।

টিকপিকের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে গড় টিকিটমূল্যের দিক থেকে সবচেয়ে ব্যয়বহুল ইভেন্ট এখন ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। এর পরেই রয়েছে ২০২৪ সালের সুপার বোল (৯,৪১১ ডলার), ২০২১ সালের সুপার বোল (৭,৩১৩ ডলার), ২০২০ সালের সুপার বোল (৬,৫৪৬ ডলার) এবং ২০২৬ সালের এনবিএ ফাইনালের তৃতীয় ম্যাচ (৬,৩০৮ ডলার)।

এদিকে ফ্রান্স ও ইংল্যান্ডের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের সবচেয়ে কম দামের টিকিট বিক্রি হচ্ছে প্রায় ৯০০ ডলারে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিদায়ের পর ওই ম্যাচের টিকিটের মূল্য প্রায় ৩০০ ডলার কমেছে।

টিকিট বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম সিটপিক জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপ ফিফার ৯৬ বছরের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল আসরে পরিণত হয়েছে। টুর্নামেন্টের শুরুতে টিকিটের গড় মূল্য ছিল ১ হাজার ৬২২ ডলার, যা সেমিফাইনাল পর্যায়ে বেড়ে ৪ হাজার ১৬২ ডলারে পৌঁছায়।

তবে সব ম্যাচেই টিকিটের দাম বাড়েনি। পুনর্বিক্রয় বাজারে কিছু ম্যাচের টিকিটের মূল্য উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও পর্তুগালের বিদায়ের পর স্পেন-বেলজিয়াম কোয়ার্টার ফাইনালের টিকিটের দাম প্রায় ৬০ শতাংশ পর্যন্ত নেমে আসে।

ফিফা প্রথম দফায় ফাইনালের টিকিট বিক্রির সময় সর্বোচ্চ মূল্য নির্ধারণ করেছিল ১০ হাজার ৯৯০ ডলার। তবে যুক্তরাষ্ট্রে ডায়নামিক প্রাইসিং এবং পুনর্বিক্রয় বাজারের কারণে সেই দাম এখন অনেক গুণ বেড়েছে।

এ পরিস্থিতিতে অনেক সমর্থকের অভিযোগ, এবারের বিশ্বকাপ সাধারণ দর্শকদের নাগালের বাইরে চলে গেছে এবং এটি ধনীদের বিশ্বকাপে পরিণত হয়েছে। সমর্থকদের এমন সমালোচনার পর ফিফা জানিয়েছে, ২০৩০ বিশ্বকাপের টিকিট বিক্রির নীতিমালা পুনর্বিবেচনা করা হবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত