বিশ্বকাপের ফাইনালকে ঘিরে বাড়তি এক আকর্ষণ তৈরি হয়েছে। কারণ, রোববার স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার শিরোপা নির্ধারণী লড়াই শুধু বিশ্বকাপ জয়ের নয়, একই সঙ্গে ইউরো ও কোপা আমেরিকার সেরার লড়াইও হয়ে উঠছে।
২০২৪ সালে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। একই বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডকে হারিয়ে ইউরোর শিরোপা জেতে স্পেন।
উয়েফা ও কনমেবলের যৌথ উদ্যোগে ইউরো ও কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের নিয়ে ফিনালিজিমা আয়োজনের পরিকল্পনা ছিল। সেই অনুযায়ী স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে ম্যাচটি আর অনুষ্ঠিত হয়নি।
প্রথমে ম্যাচটি ২০২৫ সালের জুনে আয়োজনের পরিকল্পনা থাকলেও স্পেন নির্ধারিত সময়ে খেলতে সম্মত হয়নি বলে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়। পরে বিশ্বকাপের আগে মার্চ মাসে কাতারে ম্যাচটি আয়োজনের চিন্তা করা হলেও আন্তর্জাতিক পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে সেটিও বাতিল হয়ে যায়।
পরবর্তীতে ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির কারণে নতুন কোনো সময় বের করা সম্ভব হয়নি। ফলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ফিনালিজিমা আর আলাদাভাবে আয়োজন করা হয়নি।
এ অবস্থায় বিশ্বকাপের ফাইনালেই মুখোমুখি হচ্ছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফলে বিশ্বকাপের শিরোপার পাশাপাশি দুই মহাদেশের সেরার মর্যাদার প্রতীকী লড়াইটিও একই ম্যাচে নিষ্পত্তি হতে যাচ্ছে।
বাংলাদেশ সময় রোববার রাত ১টায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল। ফুটবলপ্রেমীদের চোখ থাকবে শুধু বিশ্বকাপ ট্রফির দিকেই নয়, ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই বর্তমান চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইটির দিকেও।