মাওলানা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস স্টুয়ার্টের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

বুধবার বেলা ১১টায় রাজধানীতে মাওলানা মামুনুল হকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ।

বৈঠকে মাওলানা মামুনুল হক বাংলাদেশের রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং বাংলাদেশ খেলাফত মজলিসের দৃষ্টিভঙ্গি ও ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে দলের অবস্থানও ব্যাখ্যা করেন।

আলোচনায় বিশেষ গুরুত্ব পায় দেশের যুবসমাজের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে সচেতনতা, শিক্ষা খাতের উন্নয়ন এবং মানবসম্পদ বিকাশে সম্ভাব্য সহযোগিতার বিষয়গুলো।

এ ছাড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণ, বিদ্যমান সহযোগিতা জোরদার এবং পারস্পরিক সম্মান, সমতা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির আলোকে বিশ্বের সব দেশের সঙ্গে সমতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং গঠনমূলক সংলাপের ভিত্তিতে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার গুরুত্বও তুলে ধরা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, পররাষ্ট্রবিষয়ক সচিব ফারিদ খান এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তা কামরুল হাসান উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত