‘বাংলাদেশকে আমি সত্যিই ভালোবাসি’—আবারও মুগ্ধতা প্রকাশ মার্টিনেজের

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয়ের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসার কথা আবারও প্রকাশ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

ম্যাচ শেষে মিক্সড জোন দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে এক বাংলাদেশি সাংবাদিক ‘বাংলাদেশ’ বলে ডাক দিলে সঙ্গে সঙ্গে ফিরে তাকান তিনি। দেশের নাম শুনেই হাসিমুখে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘ওহ, বাংলাদেশ! আমি বাংলাদেশকে খুব পছন্দ করি।’

এরপর বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে বার্তা দিতে বলা হলে আরও আন্তরিকভাবে নিজের অনুভূতির কথা জানান মার্টিনেজ। তিনি বলেন, ‘বাংলাদেশের ভক্তদের আমি অনেক ভালোবাসি। আমি সেখানে গিয়েছি এবং দেশটিকে সত্যিই ভালোবেসে ফেলেছি।’

বাংলাদেশ ও আর্জেন্টিনার সম্পর্কের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ফুটবলের। বিশেষ করে ২০২২ বিশ্বকাপে বাংলাদেশের লাখো সমর্থকের উচ্ছ্বাস, পতাকা মিছিল ও উদযাপন আর্জেন্টিনায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সেই সময় থেকেই দুই দেশের মানুষের মধ্যে এক বিশেষ আবেগের বন্ধন তৈরি হয়।

মার্টিনেজ জানান, সেই ভালোবাসা তাঁর এখনো মনে আছে। বাংলাদেশের সমর্থকেরা আবারও আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা জিততে দেখতে চায়—এ কথা শুনে তিনি বলেন, ‘আমি জানি তারা আমাদের কতটা ভালোবাসে। তারা আমাদের জন্য কতটা পাগল, সেটাও জানি। বাংলাদেশ সফরের অভিজ্ঞতা আমার কাছে অসাধারণ ছিল। তাদের সমর্থন আমাকে সত্যিই মুগ্ধ করেছে।’

বাংলাদেশি সমর্থকদের সঙ্গে আর্জেন্টাইনদের আবেগেরও মিল খুঁজে পান এই গোলরক্ষক। তাঁর ভাষায়, ‘একটা দিক থেকে তারা আর্জেন্টাইনদের মতোই। এ বিষয়টাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে।’

সাক্ষাৎকারের শেষেও বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করতে ভোলেননি মার্টিনেজ। বিদায়ের আগে হাসিমুখে বলেন, ‘বাংলাদেশের মানুষের জন্য আমার অনেক, অনেক ভালোবাসা।’

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত