সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের দক্ষ ও প্রস্তুত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

| ফটো কার্ড
 ছবি:
ছবি:

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের বর্তমান প্রজন্মই ভবিষ্যৎ বাংলাদেশের চালিকাশক্তি। তাই একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।

রোববার জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, এ আয়োজনে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র মাধ্যমে আসা ২১ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষক এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটি-এর ১৬ জন শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং তাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় হওয়ার পরামর্শ দেন।

তিনি বলেন, শুধু একাডেমিক শিক্ষাই নয়, যোগ্যতা, দক্ষতা ও নৈতিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেকে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এভাবেই ভবিষ্যতে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান প্রজন্মের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে। তাই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্য অর্জনে শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের প্রস্তুত করা জরুরি।

মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। পাশাপাশি তারা সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন, উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন এবং সংসদ অধিবেশন কক্ষে বসে সংসদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত