শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার করা হবে। তিনি দাবি করেন, বিচারিক প্রক্রিয়া শেষে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে তারা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ রয়েছেন।

রোববার (২৮ জুন) মৌলভীবাজারের জুড়ী উপজেলার ক্যাম্প চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আওয়ামী লীগের বিষয়ে কোনো ধরনের আপসের সুযোগ নেই। তার ভাষ্য অনুযায়ী, যারা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবে বা দলটিকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেও রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন অব্যাহত থাকবে।

বক্তব্যে তিনি সীমান্ত পরিস্থিতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার অভিযোগ, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত দিয়ে পুশইনের ঘটনা ঘটাচ্ছে এবং মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত এলাকা ব্যবহার করে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা হচ্ছে।

সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় জনগণকে বিজিবির সঙ্গে সমন্বয় করে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির নেতৃবৃন্দ প্রীতম দাস, আফজাল হোসেন, আব্দুল মালিক সাচ্চু ও আমির হামজা। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা, গণতান্ত্রিক অধিকার এবং বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত