ফিফা আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়—এমন আলোচনা ও গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দেখা যায়। এবার বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
মায়ামিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, এসব গুঞ্জনকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। তাঁর মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিত্তিহীন দাবির দিকে নজর না দিলেই এমন বিতর্ক থেকে দূরে থাকা সম্ভব।
প্রশ্নের জবাবে তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা না পড়ুন। ওগুলো না দেখলে এসব বিষয় জানারও প্রয়োজন হবে না।”
স্কালোনি আরও বলেন, বর্তমান সময়ে যে কেউ যেকোনো ভিত্তিহীন তথ্য পোস্ট করতে পারে, আর তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এতে অনেক সময় বাস্তবতার চেয়ে গুজবই বেশি গুরুত্ব পেয়ে যায়।
তিনি বলেন, “আজকাল যে কেউ যেকোনো ভিত্তিহীন বিষয় পোস্ট করে তিলকে তাল বানিয়ে ফেলতে পারে। আমার মনে হয়, এসব বিষয়কে আমাদের বিন্দুমাত্র গুরুত্ব দেওয়া উচিত নয়।”
কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে শেষ অনুশীলন শেষ করে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া আর্জেন্টিনা কোচ আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ভালো দিক যেমন রয়েছে, তেমনি নেতিবাচক দিকও আছে।
স্কালোনির ভাষায়, “দুর্ভাগ্যবশত, যে কেউ যেকোনো আজেবাজে কথা পোস্ট করলেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এক সেকেন্ডের মধ্যে তা ছড়িয়ে পড়ে সবখানে। আমরা এসবের দিকে একদমই কান দিই না।”
বিশ্বকাপের শেষ ৩২ দলের পর্বে বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে ৪টায় মায়ামিতে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা।