বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন। শুক্রবার (৩ জুলাই) তেহরানে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক শান্তি এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে তেহরানে পৌঁছানো স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও তাঁর সফরসঙ্গীদের স্বাগত জানান স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ।
বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর হত্যাকাণ্ডের নিন্দা জানান। একই সঙ্গে তিনি জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের সংহতি প্রকাশ করেন।
তিনি বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের পারস্পরিক যোগাযোগের বিষয়ও তুলে ধরেন। পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা এগিয়ে নিতে স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।
স্পিকার হাফিজ উদ্দিন আশা প্রকাশ করেন, চলমান সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে ইরানসহ পুরো অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে। তিনি এ শান্তি প্রক্রিয়ায় বাংলাদেশের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন।
বৈঠকের একপর্যায়ে তিনি স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এর আগে রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে বৃহস্পতিবার তেহরানে পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজী বাবাই বিমানবন্দরে বাংলাদেশ প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান।