স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়; বরং নির্দিষ্ট আদর্শ ও লক্ষ্য নিয়ে পরিচালিত একটি রেজিমেন্টেড রাজনৈতিক সংগঠন।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত জেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, জামায়াতে ইসলামী একটি নির্দিষ্ট রাজনৈতিক দর্শন ও লক্ষ্য নিয়ে কাজ করে। শরিয়াভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে লক্ষ্য দলটি ধারণ করে, তা বাংলাদেশের মানুষের প্রত্যাশা কিংবা দেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁর দাবি, বাংলাদেশের মানুষ উদারপন্থী ও গণতান্ত্রিক রাজনীতিকেই সমর্থন করে।
জুলাই সনদ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, সনদের প্রতিটি পাতায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে—কোন রাজনৈতিক দল কোন বিষয়ে একমত হয়েছে এবং কোন বিষয়ে ভিন্নমত পোষণ করেছে। একই সঙ্গে নির্বাচনে বিজয়ী দল জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী সেসব বিষয়ে সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বলেও সনদে উল্লেখ আছে।
তিনি আরও বলেন, জনগণ বিএনপিকে যে ম্যান্ডেট দিয়েছে, সরকার নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। পাশাপাশি জুলাই সনদের বিষয়গুলোও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
সংবিধান সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সংসদে গঠিত সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিয়ে আলোচনার মাধ্যমে মতামত দেওয়ার আহ্বান জানানো হয়েছিল জামায়াতকে। তবে দলটি সেই পথ অনুসরণ না করে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে রাজপথে কর্মসূচি পালন করছে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি দাবি করেন, এসব কর্মসূচিতে জনগণের উল্লেখযোগ্য সমর্থন নেই। তাঁর ভাষায়, বিভিন্ন বিভাগ ও ঢাকায় সমাবেশ করলেও জনসমর্থনের প্রতিফলন সেখানে দেখা যায়নি।
মির্জা ফখরুল আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ করছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বিএনপি জনগণের সমর্থন ধরে রাখতে সক্ষম হবে।
বর্ধিত সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সাংগঠনিক কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়।