ইন্দোনেশিয়ার পাপুয়ায় বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে মার্কিন পাইলট নিহত

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার অশান্ত পাপুয়া অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের গুলিতে এক মার্কিন পাইলট নিহত হয়েছেন। হামলার পর তার মরদেহ উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী।

সামরিক সূত্র জানায়, হাইল্যান্ড পাপুয়া প্রদেশের ইয়াহুকিমো এলাকায় বিমান অবতরণের পর মার্কিন নাগরিক পাইলট নিকোলাস এফ. গোসেলিনকে গুলি করে হত্যা করা হয়। হামলার পর বিদ্রোহীরা বিমানটিতে আগুন ধরিয়ে দেয়।

এ হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি (টিপিএনপিবি)। সংগঠনটির মুখপাত্র সেবি সামবোম দাবি করেন, বিমানটি নিয়মিত ইন্দোনেশিয়ার সেনাসদস্য পরিবহনে ব্যবহৃত হতো এবং তাদের পূর্ব সতর্কতা উপেক্ষা করেছিল।

তিনি আরও বলেন, পাপুয়ার দীর্ঘদিনের রাজনৈতিক সংকটের সমাধান না হওয়ায় এই হামলার মাধ্যমে ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতি বার্তা দেওয়া হয়েছে।

পাপুয়ার সামরিক মুখপাত্র উইরিয়া আরতাদিগুনা হামলার ঘটনা নিশ্চিত করে জানান, নিহত পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে। তিনি আরও জানান, বিমানে থাকা সাতজন পাপুয়ান যাত্রী নিরাপদে উদ্ধার হয়েছেন।

পাপুয়ার পশ্চিমাঞ্চলে স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। সাম্প্রতিক বছরগুলোতে অঞ্চলটিতে নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ এবং প্রাণঘাতী হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

নিহত পাইলট যে বিমানটি পরিচালনা করছিলেন, সেটি পিটি এএমএ এয়ারলাইন্সের মালিকানাধীন। প্রতিষ্ঠানটি পাপুয়ার দুর্গম এলাকায় খাদ্য, জ্বালানি ও ডাক পরিবহনসহ বিভিন্ন জরুরি সেবা দিয়ে থাকে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত