জার্মানির বিদায়ের পর সমালোচনার মুখে চ্যান্সেলর ম্যার্ৎস

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: এএফপি
ছবি: এএফপি

বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পর দলকে অভিনন্দন জানিয়ে দেওয়া এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের কারণে সমালোচনার মুখে পড়েছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস। সমর্থক থেকে শুরু করে গণমাধ্যম—অনেকেই তার মন্তব্যকে বাস্তবতাবিবর্জিত বলে আখ্যা দিয়েছেন।

প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির হারের পর এক্সে দেওয়া পোস্টে ম্যার্ৎস লিখেছিলেন, ‘টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়াটা কষ্টের। কিন্তু ম্যাচটি দারুণ ছিল। এই বিশ্বকাপে আপনাদের নিবেদন ও দলীয় সংহতি আমাদের দেশকে রোমাঞ্চিত করেছে। আমরা আপনাদের জন্য গর্বিত।’

তবে পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। জনপ্রিয় কৌতুক অভিনেতা অলিভার পোখার ইনস্টাগ্রামে মন্তব্য করে বলেন, ‘কেউ বিন্দুমাত্র রোমাঞ্চিত হয়নি। জার্মানি নিজেদেরই লজ্জায় ফেলেছে। তাদের পারফরম্যান্স ছিল হতাশাজনক।’

তিনি আরও বলেন, ‘একজন চ্যান্সেলর যদি এমন ভুল মূল্যায়ন করেন, তাহলে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে তার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন ওঠে।’

জার্মানির বিদায় নিয়ে দেশটির গণমাধ্যমও হতাশা প্রকাশ করেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা–র উদ্ধৃতি দিয়ে জার্মান দৈনিক ভেল্ট লিখেছে, ‘জার্মানি আর আগের সেই জার্মানি নেই।’ অন্যদিকে জনপ্রিয় ট্যাবলয়েড বিল্ড মন্তব্য করেছে, চ্যান্সেলরের পোস্টটি ছিল ‘অন্তঃসারশূন্য’ এবং এর মাধ্যমে তিনি নিজেকে হাস্যকর অবস্থায় ফেলেছেন।

দলের ব্যর্থতায় হতাশা প্রকাশ করেছেন অধিনায়ক জশুয়া কিমিচও। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই দেখে এসেছি, জার্মানি সবসময় সেমিফাইনাল কিংবা ফাইনালে খেলত। আমরা বর্তমান প্রজন্মকেও সেই আনন্দ দিতে চেয়েছিলাম, কিন্তু তা পারিনি।’

তিনি আরও বলেন, ‘এমন সময়ে আমরা ব্যর্থ হয়েছি, যখন দেশের মানুষের গর্ব করার মতো একটি সাফল্য খুব প্রয়োজন ছিল। দুর্ভাগ্যজনকভাবে জাতীয় দল সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। এর দায় আমাদের সবার।’

এলাকার খবর

সম্পর্কিত