চার ঘণ্টা অপেক্ষার পরও বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ফাইনাল ম্যাচ

স্পোর্টস ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ত্রিদলীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মুখোমুখি হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি মাঠেই গড়ায়নি। দীর্ঘ সময় অপেক্ষার পর ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

প্রিটোরিয়ায় বাংলাদেশ সময় বেলা দেড়টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের আগে থেকেই বৃষ্টি থাকায় টসও অনুষ্ঠিত হয়নি। প্রায় চার ঘণ্টা অপেক্ষা করেও মাঠ খেলার উপযোগী না হওয়ায় ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

ত্রিদলীয় এই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ ইমার্জিং দল। চার ম্যাচের মধ্যে তিনটিতেই জয় পেয়েছিল তারা। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষেও একটি জয় ছিল বাংলাদেশের।

ফাইনাল নিয়ে তাই বাড়তি প্রত্যাশা ছিল বাংলাদেশ দলের। তবে প্রকৃতির বাধায় শেষ পর্যন্ত শিরোপা নির্ধারণী ম্যাচ খেলার সুযোগই পেল না দুই দল।

ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর হতাশা প্রকাশ করেন বাংলাদেশ ইমার্জিং দলের অধিনায়ক জাকির হাসান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, দল ধীরে ধীরে উন্নতি করছিল এবং ফাইনাল খেলার জন্য সবাই প্রস্তুত ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বৃষ্টির কারণে সেই সুযোগ পাওয়া যায়নি।

৫০ ওভারের এই ত্রিদলীয় সিরিজে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের সঙ্গে অংশ নিয়েছিল ইউনিভার্সিটি স্পোর্ট অব সাউথ আফ্রিকা।

তবে ফাইনাল বাতিল হলেও দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ক্রিকেটারদের ব্যস্ততা শেষ হচ্ছে না। আগামী ১৬ আগস্ট দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে চার দিনের ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হবে ২৩ আগস্ট।

বিষয়:

বৃষ্টি
এলাকার খবর

সম্পর্কিত