বাংলাদেশের ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছানোর লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার শিল্প মন্ত্রণালয়ে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৩৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী জানান, বাংলাদেশে ব্যবসা করতে গিয়ে মার্কিন কোম্পানিগুলো যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে, বৈঠকে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি ট্রেড ও এক্সপোর্ট পলিসি, ডিজিটাল অর্থনীতি, ই-কমার্স এবং ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে সম্ভাবনাময় খাতগুলো নিয়েও মতবিনিময় হয়।
তিনি বলেন, বিনিয়োগকারীদের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরির পাশাপাশি ব্যবসায়িক প্রক্রিয়া সহজ করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। লাইসেন্স, পারমিট ও বিভিন্ন ধরনের সরকারি অনুমোদনের ক্ষেত্রে অপ্রয়োজনীয় জটিলতা ও ওভারল্যাপিং কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
জুট, লেদার, শিপবিল্ডিং ও শিপ রিসাইক্লিং খাতকে বড় রপ্তানি খাতে পরিণত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এসব খাতে রপ্তানি সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা আগামী মাসে প্রকাশ করা হবে।
শিল্পমন্ত্রী আরও জানান, ভবিষ্যতে দেশের যেকোনো স্থান থেকে একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করা যাবে। প্রয়োজনীয় কাগজপত্র ও ফি অনলাইনে জমা দেওয়ার পর সেখান থেকেই লাইসেন্স ডাউনলোড করা সম্ভব হবে। এতে ব্যবসায়ীদের সরকারি দপ্তরে গিয়ে সময় নষ্ট করতে হবে না।
ব্যবসা সহজ করতে জ্বালানির সহজলভ্যতা, ব্যবসাবান্ধব নীতি এবং ব্যাংকিং খাতে প্রয়োজনীয় উদারীকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এর ফলে আইটি কোম্পানি ও ফ্রিল্যান্সারদের ডিজিটাল সেবা এবং পেমেন্ট গেটওয়ে ব্যবহারের সুযোগ আরও সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কাউন্সিলের অ্যাডভাইজার নিশা বিসওয়াল। শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসেরসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।