বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে। পাশাপাশি বন্ধ রাখতে হবে বিভিন্ন ধরনের আলোকসজ্জাও।
বুধবার বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এসব সিদ্ধান্ত জানানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ১২ আগস্ট থেকে দেশের শপিংমল, মার্কেট ও দোকানগুলো সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।
এর আগে গত ১১ জুন জারি করা নির্দেশনা অনুযায়ী এসব প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সুযোগ ছিল। নতুন সিদ্ধান্তের ফলে আগের সময়সীমার চেয়ে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের সময় এক ঘণ্টা এগিয়ে আনা হলো।
সরকারি নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।
তবে জরুরি ও প্রয়োজনীয় সেবাগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। এর মধ্যে রয়েছে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকানসহ সংশ্লিষ্ট জরুরি সেবা।
এ ছাড়া সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগের উপসচিব মামুন ভূঁইয়ার সই করা নির্দেশনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে এবং মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।