নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় বান্দরবানের থানচি ও রুমা উপজেলার কয়েকটি পর্যটন স্পট পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কেওক্রাডং, রিজুক ঝর্ণা ও নাফামুখ।
মঙ্গলবার (১১ আগস্ট) অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব পর্যটন এলাকা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, থানচি উপজেলার তমাতুঙ্গী থেকে ২৪ কিলোমিটার টিওবি পর্যন্ত এবং তিন্দুমুখ থেকে নাফামুখ পর্যন্ত এলাকা এখন পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে।
এ ছাড়া রুমা উপজেলার কেওক্রাডং পর্বত থেকে সুংসুংপাড়া পর্যন্ত এলাকা এবং রিজুক ঝর্ণাও পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেওয়া হয়েছে।
নিরাপত্তাজনিত কারণে এতদিন এসব এলাকায় পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় প্রশাসন নতুন করে ভ্রমণের অনুমতি দিয়েছে।
তবে এসব এলাকায় ভ্রমণের সময় পর্যটকদের নিরাপত্তাসংক্রান্ত সব বিধিনিষেধ ও প্রশাসনের দেওয়া নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।