কঠিন কন্ডিশনে দুর্দান্ত সেঞ্চুরি, ম্যাচ শেষে যা বললেন মেহেদী হাসান মিরাজ

স্পোর্টস ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় সেঞ্চুরির পর মিরাজ: এই ইনিংস আমাকে আত্মবিশ্বাস দেবে

অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করে বাংলাদেশের ইনিংসের হাল ধরেছেন মেহেদী হাসান মিরাজ। দল যখন দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে, তখন দায়িত্বশীল ব্যাটিংয়ে অপরাজিত ১০৯ রানের ইনিংস খেলেন তিনি। ম্যাচ শেষে মিরাজ বলেন, এই শতরান আসন্ন টেস্ট সিরিজের আগে তাকে বাড়তি আত্মবিশ্বাস দেবে।

মারারা ওভালে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ১০৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে ব্যাট হাতে নামেন মিরাজ এবং ধৈর্যের সঙ্গে ইনিংস গড়ে তোলেন।

শুরুর দিকে তিনি উইকেটে সময় কাটানোর দিকেই বেশি গুরুত্ব দেন। প্রথম ৫০ রান করতে খেলেন ৭৫ বল, তবে পরের ৫০ রান আসে মাত্র ৫৩ বলে। শেষ পর্যন্ত ১৪১ বলে ১১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে অপরাজিত ১০৯ রান করেন তিনি।

দিন শেষে বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় মিরাজ বলেন, শুরুতে উইকেট ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াই ছিল তার মূল লক্ষ্য।

তিনি বলেন, "শুরুর দিকে উইকেটটা কিছুটা চ্যালেঞ্জিং ছিল। আমি শুধু মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করেছি। প্রতিপক্ষের বোলাররা খুব ভালো জায়গায় বল করেছে।"

অস্ট্রেলিয়ার কন্ডিশনে এটিই ছিল তার প্রথম ম্যাচ উল্লেখ করে মিরাজ বলেন, শুরুতে রান করার চেয়ে উইকেটে টিকে থাকার দিকেই মনোযোগ দিয়েছেন। পরে সেট হয়ে গেলে রান করাটা তুলনামূলক সহজ হয়ে যায়।

ইনিংসের শেষ দিকে খালেদ আহমেদের সঙ্গে শেষ উইকেটে ৬৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে ২৬৩ রানের সংগ্রহ এনে দেন তিনি।

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ।

টেস্ট সিরিজকে সামনে রেখে নিজের প্রস্তুতি নিয়ে আশাবাদী মিরাজ বলেন, "এই সেঞ্চুরি আমাকে আত্মবিশ্বাস দেবে। আমি যে মানসিকতা নিয়ে ব্যাট করেছি, সেটি ধরে রাখতে পারলে আমার জন্য যেমন ভালো হবে, তেমনি দলেরও উপকার হবে।"

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত