দেশের ২৪তম রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে তপশিল ঘোষণা করেন।
ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ আগস্ট, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
এর আগে জাতীয় সংসদ সচিবালয় ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের নামসংবলিত ভোটার তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠায়। ইসি সচিব জানান, সংসদ সদস্যদের এই তালিকার ভিত্তিতেই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে।
গত ২১ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
বর্তমান সাংবিধানিক ব্যবস্থায় জাতীয় সংসদের ৩৫০ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন। তবে জুলাই জাতীয় সনদে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদের উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটের মাধ্যমে নির্বাচন আয়োজনের প্রস্তাব থাকলেও সংবিধান সংশোধন না হওয়ায় সেটি এখনো কার্যকর হয়নি। ফলে এবারের নির্বাচন বিদ্যমান সাংবিধানিক বিধান অনুসারেই অনুষ্ঠিত হবে।
বাংলাদেশে সংসদীয় পদ্ধতি পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে একমাত্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপরের সাতটি রাষ্ট্রপতি নির্বাচনেই ক্ষমতাসীন দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনেও বিদ্যমান আইন ও সাংবিধানিক বিধান অনুসরণ করে নির্বাচন কমিশন প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।