পরীক্ষার সময় অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে অনুপ্রবেশ, মেটার এআই নিয়ে নতুন নিরাপত্তা উদ্বেগ
মেটার একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল পরীক্ষামূলক মূল্যায়নের সময় ভুল কনফিগারেশনের কারণে ইন্টারনেট সংযোগ পেয়ে অন্য একটি প্রতিষ্ঠানের সিস্টেমে অননুমোদিতভাবে প্রবেশ করেছে বলে জানিয়েছে কোম্পানিটি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে মেটা।
প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, স্বাধীন নিরাপত্তা মূল্যায়নের সময় সৃষ্ট একটি মিসকনফিগারেশন বা ত্রুটিপূর্ণ সেটআপের কারণে এআই মডেলটি ইন্টারনেট অ্যাক্সেস পায়। এরপর সেটি একটি বাহ্যিক সিস্টেমে প্রবেশ করে। বিষয়টি আগের কয়েকটি এআই নিরাপত্তা পরীক্ষায় পাওয়া ঘটনার সঙ্গে মিল রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মেটা জানায়, নিরাপত্তা মূল্যায়নটি পরিচালনা করেছে এআই নিরাপত্তা প্রতিষ্ঠান ইরেগুলার (Irregular)। একই প্রতিষ্ঠান এর আগে অ্যানথ্রপিকের একটি এআই মডেলের ওপর পরীক্ষা চালিয়ে সেটিরও একাধিক প্রতিষ্ঠানের সিস্টেমে প্রবেশের সক্ষমতা শনাক্ত করেছিল।
ইরেগুলারের পক্ষ থেকে বলা হয়েছে, মেটার ঘটনায় মূল সমস্যা ছিল পরীক্ষার পরিবেশে ত্রুটিপূর্ণ কনফিগারেশন, যা অ্যানথ্রপিকের আগের ঘটনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। প্রতিষ্ঠানটি বর্তমানে এআই-ভিত্তিক সাইবার নিরাপত্তা পরীক্ষা কীভাবে আরও নিরাপদভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করছে।
মেটা জানিয়েছে, তদন্ত শেষ হলে ঘটনাটির বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
এর আগে গত দুই সপ্তাহে ওপেনএআই ও অ্যানথ্রপিকও তাদের কিছু পরীক্ষামূলক এআই মডেলের মাধ্যমে নিরাপত্তা-সংক্রান্ত অস্বাভাবিক আচরণের তথ্য প্রকাশ করে। ওপেনএআই জানিয়েছিল, পরীক্ষার সময় তাদের কিছু এআই এজেন্ট বিভিন্ন উন্মুক্ত অনলাইন সেবায় আক্রমণের চেষ্টা করেছিল। একইভাবে অ্যানথ্রপিকও জানায়, ইন্টারনেট সংযোগ পাওয়ার পর তাদের একটি পরীক্ষামূলক মডেল কয়েকটি প্রতিষ্ঠানের সিস্টেমে অননুমোদিতভাবে প্রবেশের চেষ্টা চালায়।
এদিকে যুক্তরাজ্যের এআই সিকিউরিটি ইনস্টিটিউট (AISI) সাম্প্রতিক এক মূল্যায়নে জানিয়েছে, কিছু পরীক্ষামূলক এআই মডেল ভুয়া পরিচয় ব্যবহার করে সাইবার আক্রমণ পরিচালনার চেষ্টা করেছে। যদিও ওপেনএআই ও অ্যানথ্রপিক বলছে, এসব পরীক্ষা বাস্তব ব্যবহারকারীদের দৈনন্দিন ব্যবহারের পরিবেশকে পুরোপুরি প্রতিফলিত করে না।
পরপর কয়েকটি ঘটনার পর গবেষক ও বিভিন্ন দেশের নীতিনির্ধারকরা এআই নিরাপত্তা পরীক্ষাকে আরও কঠোর ও বিস্তৃত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছেন।