জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুৎ বিল বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে অবস্থান কর্মসূচি ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার বেলা ১১টার পর রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শুরু হয়। কর্মসূচি শেষে দুপুর প্রায় ১২টা ৪০ মিনিটে নেতাকর্মীরা সচিবালয়ের উদ্দেশে মিছিল নিয়ে রওনা দেন। তবে মিছিলটি জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয়।
কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নিরাপত্তার অংশ হিসেবে সচিবালয়ের সব প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
গেট বন্ধ থাকায় বিভিন্ন কাজে সচিবালয়ে আসা সাধারণ মানুষকে কিছু সময় বাইরে অপেক্ষা করতে হয়। প্রয়োজনীয় কাজে প্রবেশের আশায় বিভিন্ন ফটকের সামনে অনেককে জটলা করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
অবস্থান কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন।
বক্তারা জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তারা সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।