এশিয়ান গেমসের আগে জাপানের বিপক্ষে কেন টি-টোয়েন্টি খেলবে ভারত

স্পোর্টস ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্রিকেটে ভারত ও জাপানের শক্তির পার্থক্য অনেকটাই। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে জাপানের অবস্থান ৪১তম। তবু এশিয়ান গেমসের আগে এই দলের বিপক্ষেই একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে ভারত। আগামী ২২ সেপ্টেম্বর জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দল।

ভারতের জাপান সফরের পেছনে ক্রিকেটীয় কারণের পাশাপাশি রয়েছে কূটনৈতিক তাৎপর্য। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ম্যাচটি আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে ভারত ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ আরও জোরদার করাই এর অন্যতম উদ্দেশ্য।

এশিয়ান গেমসের ২০তম আসর এবার জাপানে অনুষ্ঠিত হচ্ছে। ক্রিকেটের ম্যাচ শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। ভারত সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়ায় তাদের গ্রুপ পর্বে খেলতে হচ্ছে না। ফলে মূল প্রতিযোগিতায় ভারতের অভিযান শুরুর আগে জাপানের বিপক্ষে ম্যাচটি প্রস্তুতির জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

অন্যদিকে স্বাগতিক জাপান এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২৪ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া ম্যাচটিকে ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, এই ম্যাচের মাধ্যমে ক্রিকেট পূর্ব এশিয়ার নতুন দর্শকদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হবে।

জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী নাওকি মিয়াজিও ম্যাচটিকে নিজেদের ক্রিকেটের জন্য বড় মাইলফলক হিসেবে দেখছেন। বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে খেলতে পারাকে তিনি জাপানের ক্রিকেটের জন্য বিশেষ অর্জন হিসেবে উল্লেখ করেছেন।

এই ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের ২০তম প্রতিপক্ষ হতে যাচ্ছে জাপান। একই সঙ্গে আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে এটাই জাপানের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

এলাকার খবর

সম্পর্কিত